মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে পুড়িয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের কাপড় দিয়ে হাত-পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে শামীম মিয়া (২৪) নামের এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমটি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শামীমের স্বজনদের অভিযোগ, মাদক সেবনের প্রতিবাদ করায় স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে আবীর হোসেন ওরফে জনি ও সাজন মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শামীম ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। যশোদল ইউনিয়নের আমটি শিবপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। বাবা জাহাঙ্গীর আলম মানসিক ভারসাম্যহীন। মা পারভীন বেগম বাক্প্রতিবন্ধী। দুই ভাইয়ের মধ্যে শামীম বড়। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তাঁর এ মৃত্যু এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি করেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
শামীমের স্বজন ও এলাকার কয়েকজন প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় শামীমের বাড়ির পাশে একটি মৎস্য খামারের পাশে স্থানীয় চার যুবক—আবীর, সাজন, সফিকুল ইসলাম ও আল আমিন মাদক সেবন করছিলেন। তখন শামীম মাদক সেবনের প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা শামীমকে মারধর করা শুরু করেন। পরে এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু ওই চারজন শামীমকে পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
স্বজন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে শহর থেকে বাড়ি ফিরছিলেন শামীম। তখন ওই চার যুবক শামীমের গতি রোধ করে তাঁকে জোর করে মৎস্য খামারে নিয়ে যান। সেখানে তাঁরা তাঁকে বেদম মারধর করে কাপড়চোপড় খুলে ফেলেন। একপর্যায়ে ওই কাপড় দিয়ে তাঁরা শামীমের হাত-পা ও চোখ বাঁধেন। পরে তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন যুবকেরা। গায়ে আগুন নিয়েই চিৎকার-চেঁচামেচি করতে করতে মৎস্য খামারের পানিতে ঝাঁপ দেন শামীম। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে শামীমকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন। স্বজনেরা শামীমকে নিয়ে ঢাকার পথে রওনা দেন। রাত একটার দিকে পথিমধ্যে ভৈরবের কালিকা প্রসাদ এলাকায় শামীম মারা যান। লাশ নিয়েই স্বজনেরা কিশোরগঞ্জ সদরে ফিরে আসেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত্যুর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম সাংবাদিকদের বলেন, জনি, সফিকুল, আল আমিনসহ চারজন তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। বাকি একজনকে তিনি চেনেন না।
তবে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে শামীমের চাচা মানিক মিয়া চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই চার আসামি হলেন আবীর, আল আমিন, সফিকুল ও সাজন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা ও মিঠামইন উপজেলা থেকে আবীর ও সাজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামি পলাতক। তাঁদের ধরার চেষ্টা চলছে।
গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সেখানে পড়ে ছিল গ্যাসলাইট, পেট্রলের বোতল ও পোড়া প্যান্ট-শার্ট। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা জব্দ করে।
শামীমের বাড়িতে গিয়ে দেখা গেছে, সেখানে চলছে মাতম। শামীমের চাচা মানিক মিয়া প্রথম আলোকে বলেন, আসামিরা মাদকসেবী ও বখাটে। মাদক সেবনের প্রতিবাদ করায় তাঁরা শামীমকে পুড়িয়ে হত্যা করেছেন।
স্থানীয় মালেক মিয়া বলেন, এলাকার উঠতি বয়সী অনেকে মাদকে আসক্ত হয়ে পড়লেও শামীম ছিলেন এর ব্যতিক্রম। মাদক সেবনের প্রতিবাদ করাই তাঁর জন্য কাল হলো।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে পুড়িয়ে হত্যার ঘটনার ব্যাপারে তথ্য পাওয়া গেছে। তবে হত্যার পেছনে মাদক সেবনে বাধা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।