মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পতিহার গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে বখাটেদের হামলায় ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, উপজেলার নাঠৈ গ্রামের শাওন সরদার ও বেল্লালসহ ১০ থেকে ১৫ জন বখাটে যুবক পতিহার গ্রামে নিয়মিত গাঁজা সেবন করছিল। কয়েক দিন ধরে বখাটেদের গ্রামে আসতে নিষেধ করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শাওন ও বেল্লাল সাত থেকে আটজন সহযোগীকে নিয়ে আবারও গাঁজার আসর বসায়।
এ সময় স্থানীয় যুবক খলিল সরদার, আল আমিন, ইসমাইল হোসেন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন ও বেল্লালের নেতৃত্বে তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে গ্রামের লোকজনের ওপর হামলা চালায়।
এতে গ্রামের ১২ জন আহত হন। তাঁদের মধ্যে আলামিন সরদার, আলী হোসেন, বেল্লাল সরদার, ইসমাইল হাওলাদার ও খলিল সরদারকে গুরুতর অবস্থায় পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হেলাল সরদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসন জানান, এ ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে।