মাদক সেবনের অভিযোগে হাই সিকিউরিটিতে তুফান সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুফান সরকার
তুফান সরকার

কারাগারের ভেতরে বসে মাদক সেবন করার অভিযোগে বগুড়ায় সেই ছাত্রী ধর্ষণ ও নারী নির্যাতন মামলার আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার কারা প্রশাসনের উপমহাপরিদর্শক (ডিআইজি) আলতাফ হোসেন বগুড়া কারাগারে এসে এই নির্দেশ দেন। তুফান সরকার এর আগে নির্যাতনের শিকার কিশোরীর সঙ্গে কারাগারে দেখা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বগুড়া কারাগারের তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, হাজতি তুফান সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ ওঠায় ডিআইজি (প্রিজন) তদন্ত করছেন। তাঁর নির্দেশেই তুফান সরকারকে বগুড়া থেকে কাশিমপুরে পাঠানো হয়েছে।

কারাগারের একটি সূত্র জানায়, তুফান সরকারকে রিমান্ড শেষে ৬ আগস্ট বগুড়া কারাগারে পাঠানো হয়। জেলহাজতে গিয়ে তিনি অবৈধ সুযোগ–সুবিধা নেন এবং মাদক সেবন করেন বলে অভিযোগ ওঠে। এর মধ্যে ১২ আগস্ট ফেনসিডিলসহ তুফানের এক সহযোগী ধরা পড়েন। এ ঘটনা জানাজানির পর রাজশাহী রেঞ্জের ডিআইজি (প্রিজন) আলতাফ হোসেন তদন্ত শুরু করেন। তদন্তের অংশ হিসেবে গতকাল শনিবার বগুড়া কারাগারে এসে তিনি কারাগারের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন।

জানতে চাইলে আলতাফ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে অভিযোগ উঠেছে, নির্যাতনের শিকার কিশোরীকে ৭ আগস্ট আদালত থেকে কিছু সময়ের জন্য বগুড়া কারাগারে আনা হলে সেখানে তুফান সরকার তাঁর সঙ্গে দেখা করেন। তুফান সরকার তাকে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেন বলে শোনা গেছে। তবে বগুড়া কারা কর্তৃপক্ষ এ অভিযোগ স্বীকার করেনি।

গত ১৭ জুলাই কলেজে ভর্তির কথা বলে ওই ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করেন
বগুড়ার শহর শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক তুফান সরকার। পরে তুফান সরকারের স্ত্রী আশা সরকার এবং তাঁর বড় বোন নারী কাউন্সিলর এবং তুফানের ক্যাডাররা ধর্ষণের শিকার মেয়েটি ও তার মায়ের মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর মা বাদী হয়ে ২৮ জুলাই রাতে মামলা করেন। মামলার এজাহারভুক্ত নয়জনসহ ১১ আসামিকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। এদের মধ্যে তুফানের সহযোগী আতিক ও মুন্না এবং নাপিত জীবন রবিদাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।