মাদক সেবনের দায়ে জেল খেটেছেন আসামি জামিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের ফটকে মিলিটারি পুলিশের (এমপি) সদস্যকে আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামিরুল ইসলাম মাদক সেবনের অপরাধে এক বছর কারাগারে ছিলেন। সাজা শেষে ঢাকায় এসে রিকশা চালাতেন তিনি। বর্তমানে সেনা আইনে তাঁর বিচার চলছে।
গত ১০ নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা সেনানিবাসের কচুক্ষেতের প্রবেশপথে রিকশার নির্ধারিত লাইন অমান্য করে সোজা যাওয়ার চেষ্টা করলে তল্লাশিচৌকিতে দায়িত্বরত সামিদুল রিকশাটিকে থামান। এ সময় রাস্তার উল্টো দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে সামিদুলকে আক্রমণ করেন জামিরুল। পরে ধাওয়া করে জামিরুলকে আটক করা হয়। আহত অবস্থায় মিলিটারি পুলিশের সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
ওই দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাফরুলের কচুক্ষেত চেকপোস্টে কর্তব্যরত মিলিটারি পুলিশ সদস্য ল্যান্স করপোরাল সামিদুল ইসলামের ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের আঘাতে সামিদুল সামান্য আহত হন।
এ ঘটনায় গত ১৫ নভেম্বর কাফরুল থানায় জামিরুলকে একমাত্র আসামি করে মামলা করেন ১৩ মিলিটারি পুলিশের করপোরাল ফারুক ভুঁইয়া। মামলায় আসামির গ্রামের বাড়ি হিসেবে দিনাজপুরের হাকিমপুর থানার চৌধুরী ডাঙ্গাপাড়া ঠিকানা উল্লেখ করা হয়।
জামিরুলের গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে প্রথম আলোর বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, ২০১৪ সালের প্রথম দিকে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন জামিরুলকে। তবে দিনাজপুরের হাকিমপুর থানায় জামিরুলের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানা গেছে।
জামিরুলের প্রতিবেশীরা জানান, তাঁর বাবা আবু তালেব এলাকায় ভিক্ষা করে সংসার চালান। অভাবের কারণে জামিরুল পঞ্চম শ্রেণির বেশি পড়াশোনা করতে পারেননি। ভারতীয় সীমান্তঘেঁষা এই এলাকায় সহজেই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া যায়। তাই একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন জামিরুল। এ কারণে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েন তিনি। জেল থেকে ছাড়া পাওয়ার পর এলাকাবাসীর সাহায্যে তাঁকে রংপুরের একটি মাদক নিরাময়কেন্দ্রে চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতে শুরু করেন।
এদিকে সেনা হেফাজতে থাকার কারণে জামিরুলকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলামউদ্দিন। গত বৃহস্পতিবার তিনি প্রথম আলোকে বলেন, জামিরুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়নি। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।