মাদক সেবনের প্রতিবাদ করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় স্ত্রীকে পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছেন তাঁর স্বামী। পাষণ্ড ওই স্বামীর নাম মো. মামুন আকন (৩২)। আর স্ত্রীর নাম আয়শা বেগম (২৫)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্বশুরবাড়ি থেকে মাদক কেনার টাকা আনার জন্য প্রায়ই আয়শাকে চাপ প্রয়োগ করতেন মামুন। সর্বশেষ ১১ এপ্রিল সকালে মামুন শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে বললে আয়শা অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মামুন তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে মেরে ফেলার চেষ্টা চালান। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে এ ঘটনায় ২০ এপ্রিল বিকেলে আয়শার বাবা আবু বকর শিকদার বাউফল থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।