মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে ইয়াবা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় থেকে গত রোববার রাতে পৌনে দুই লাখ ইয়াবা বড়ি ও দুই কেজি গাঁজা চুরি হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, গত শনিবার বেলা একটার দিকে তিনি কার্যালয়ে তালা লাগিয়ে একটি মামলার সাক্ষী দিতে রাঙামাটি যান। এর আগে একই দিন দুপুরে দুজন নতুন কর্মকর্তা যোগদান করে চট্টগ্রামে চলে যান। গত রোববার রাতে কোনো একসময় চোরেরা কার্যালয়ের দরজার তালা ভেঙে চুরি করে।
তপন কান্তি শর্মা বলেন, সকালের দিকে কার্যালয়ে দরজার তালা ভাঙা দেখতে পেয়ে উপজেলা পরিষদের কর্মকর্তারা তাঁকে বিষয়টি জানান। এরপর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। তিনি বলেন, কার্যালয়ে রাখা বিভিন্ন মামলার আলামত, ১ লাখ ৮১ হাজার ৯১৩টি ইয়াবা ও ২ কেজি গাঁজা চুরি হয়েছে। চোরেরা বিভিন্ন মামলার কাগজপত্র ও ফাইল তছনছ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজিবি ব্যাটালিয়ন-২-এর উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুবোধ কুমার বিশ্বাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।