মাদকদ্রব্য বহন ও বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকদ্রব্য বিক্রি ও বহনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদিপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে সুজন (২২) ও কেশারপাড়া ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের সোলেমান পারভেজ (২৭)। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, গতকাল সকালে মহিদিপুর গ্রামের একটি দোকানের পেছনে অভিযান চালিয়ে চোলাই মদসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই দিন ইয়াবা বিক্রির সময় কেশারপাড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রাম থেকে সোলেমান পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে সোলেমান পারভেজকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও শারমিন আলম বলেন, মাদকদ্রব্য বহন ও বিক্রির দায়ে ওই দুই ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে।