মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জরিমানা, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে আজ সোমবার তিন ব্যক্তিকে জরিমানা ও তিন ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম দণ্ড দিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল গ্রামের মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুস বিশ্বাসের স্ত্রী আবিরন নেছা, গাড়াল গ্রামের সমির মজুমদার ও রবি মণ্ডল। প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পাংশা শহরের রেলস্টেশন বাজার এলাকায় নেশাজাতীয় পানীয় বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লিটন স্টোরের মালিক লিটন কুমার কুণ্ডু, ফিরোজ স্টোরের মালিক ফিরোজ হোসেন ও সামাদ স্টোরের মালিক আবদুস সামাদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদকবিরোধী টাস্কফোর্স দুপুরে পাংশা পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন পাংশা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সাখাওয়াত হোসেন। এ সময় রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।