মাদকবিরোধী অভিযান দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪
যৌনপল্লিতে পুলিশের মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোররাতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া ঘাট স্টেশন এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার চারজন হলেন ঢাকার সাভারের হেমায়েতপুর কুণ্ডাবাজার বলিয়াপুর এলাকার মেছের আলীর ছেলে মো. শিপন (২১), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মৃত মোতালেব মোল্লার ছেলে বাদশা মোল্লা (১৯), গোয়ালন্দের দৌলতদিয়া উম্বার কাজীপাড়ার নজরুল শেখের ছেলে রাসেল শেখ (১৯) ও দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ার সুলতান ড্রাইভারের ছেলে রনি মিয়া (২০)।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৩ মার্চ রাত নয়টার দিকে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল দৌলতদিয়া যৌনপল্লির তোফাজ্জল হোসেনের বাড়ির ভাড়াটে চান মিয়ার বাড়িতে তল্লাশি চালাতে যায়। সে সময় তাদের ওপর একদল দুর্বৃত্ত হামলা করে। হামলায় অভিযান পরিচালনাকারী দলের প্রধান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আয়াত আলী, উপপরিদর্শক এনামুল হক, সহকারী উপপরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান, কনস্টেবল জামির উদ্দিন ও দিন্দার আহত হন। এ ছাড়া অভিযানে ব্যবহৃত ভাড়া করা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-১৪৪৮) সামনের কাচ ভাঙচুর করা হয়। এতে মাইক্রোবাস চালক মো. রাসেল খান (২৫) আহত হন।
এ ঘটনায় ওই দিন দিবাগত রাত পৌনে একটার দিকে পরিদর্শক মো. আয়াত আলী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা (নম্বর-২৪) করেন। এতে সরকারি কর্মচারীকে মারধর, সরকারি কাজে বাধা দান, আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে ক্ষতি সাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়। মামলায় উত্তর দৌলতদিয়ার ওয়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৩৫), ওই বাড়ির আরেক ভাড়াটে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার মঞ্জু (৪০), যৌনপল্লির মো. আবুল হোসেনসহ (৫০) অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, যৌনপল্লিতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দলের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আজ দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।