পুলিশের গুলিতে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ফকির আহম্মদ (৩৫)। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশের ভাষ্য, গতকাল শুক্রবার ফকির আহম্মদের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় তিনি ও তাঁর লোকজনের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে ফকির আহম্মদ গুলিবিদ্ধ হন। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফকির আহম্মদসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা প্রথম আলোকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় ফকির আহম্মদকে হাসপাতালে আনা হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, গতকাল রাতে সোনাগাজী থানা-পুলিশের একটি দল ছাড়াইতকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী ফকির আহম্মদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফকির আহম্মদ ও তাঁর লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে পুলিশের ওপর হামলা চালান। হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন। আত্মরক্ষায় পুলিশকেও কয়েকটি গুলি ছুড়তে হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ফকির আহম্মদ গুলিতে আহত হন। পুলিশ ফকির আহম্মদসহ তিনজনকে গ্রেপ্তার করে এবং ওই বাড়ি থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর। তিনি জানান, মাদক ব্যবসায়ী ও তাঁর লোকজনের হামলায় এএসআই কামরুল ইসলাম, জহির উদ্দিন ও মো. সোহাগ মল্লিক, কনস্টেবল নূর মোহাম্মদ, সফি উল্যাহ ও আবদুল খালেক আহত হন। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ফকির আহম্মদ এবং তাঁর দুই সহযোগী সালাহ উদ্দিন ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় ফকির আহম্মদের বাড়ি থেকে ৮০৫টি ইয়াবা বড়ি, ১০ কেজি গাঁজা, ১০০ পুরিয়া হেরোইন ও দুটি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

ওসি জানান, আত্মরক্ষায় পুলিশকে কয়েকটি গুলি চালাতে হয়েছে। পুলিশসহ অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা করেছে।