মাদকসহ আ.লীগ নেতা ও তাঁর সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফেনসিডিল, গাঁজাসহ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ও তাঁর সহযোগী চেরান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌরসভার পেড়াবাড়িয়ার তাঁর নিজ কার্যালয় থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বাগাতিপাড়া মডেল থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, রুহুল আমিন ও চেরান আলী এবং অন্যরা তাঁর (রুহুল) নিজ কার্যালয়ে বসে সোমবার রাতে ফেনসিডিল ও গাঁজা সেবন করছিলেন। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় চার বোতল ফেনসিডিল, কিছু গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। পরে থানার উপপরিদর্শক (এসআই) বাদশা মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। ওই মামলায় গতকালই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রুহুল আমিন উপজেলার সোনাপাতিল এলাকার বাসিন্দা ও চেরান আলী একই গ্রামের মবেজ আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এর আগেও রুহুল আমিনের বিরুদ্ধে পুলিশ ফাঁড়িতে হামলা ও মাদক রাখার অভিযোগে একাধিক মামলা হয়েছিল।