মাদকসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে মাদক ব্যবসার অভিযোগে কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ৫৭টি ইয়াবা বড়ি ও পাঁচ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। নূরে আলম শ্রীবরদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা ও শ্রীবরদী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে কুড়িকাহনীয়া ইউপি ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউপির চেয়ারম্যান নূরে আলম মাদকসেবন ও ব্যবসা করে আসছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি ও থানার পুলিশ গতকাল রাতে কুড়িকাহনীয়া ইউপি ভবন এলাকায় অভিযান চালায়। এ সময় ভবনের সামনে অবস্থানরত চেয়ারম্যান নূরে আলমকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫৭টি ইয়াবা বড়ি ও পাঁচ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার আজ বুধবার বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুজ্জামান বাদী হয়ে নূরে আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছেন। আজ দুপুরে তাঁকে মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হবে।