মাদকসহ এক ব্যক্তিকে পুলিশে দিল পরিবার
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আকতার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার মাদকসহ তাঁর পরিবার পুলিশে দিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনির হোসেন এ রায় দেন।
আকতারের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামের প্রয়াত শিক্ষক আবদুর রাজ্জাকের ছেলে আকতার হোসেন। তিনি বাবা-মায়ের একমাত্র ছেলে। সঙ্গদোষে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি তাঁর বাবার অবসরে পাওয়া টাকা, পুকুর ইজারার টাকা এমনকি জমি বিক্রির টাকাও ফুরিয়েছেন মাদকের পেছনে। পরিবারটি এখন সর্বস্বান্ত। উপায়ান্ত না দেখে তাঁকে মাদকসহ গতকাল পুলিশে দেয় পরিবার। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ওই ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে ইউএনওর দপ্তরে যখন ছেলের বিচার চলছিল, তখন পাশেই দাঁড়িয়ে থাকা মা আনজুয়ারা বেগমের (৬০) দুচোখ বেয়ে পানি ঝরছিল। এ ছাড়া বিচারের সময় সেখানে উপস্থতি ছিলেন আকতারের স্ত্রী জোসনা বেগম (৩০), তাঁর দুই অবুঝ শিশুসন্তান মাইনুল ইসলাম (৬) ও আইনুন (৩)।