মাদকসহ সেই আ.লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে এবার হেরোইন, ইয়াবা বড়িসহ আওয়ামী লীগের এক নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি ও ২২ মার্চ সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (উত্তর চর চান্দিয়া) আওয়ামী লীগের সভাপতি রহমত উল্যার বাড়ি থেকে মাদকসহ তাঁর দুই ছেলে শাহাদাত হোসেন ও সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে কারাগারে আছেন।
পুলিশ জানায়, রহমত উল্যা পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, সোনাগাজী পৌরসভার ভৈরববাড়ি রাস্তার মাথায় মাদক বেচাকেনা চলছে—এ খবরের ভিত্তিতে গত রোববার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় রহমত উল্যার স্ত্রী লায়লী বেগম ওরফে লাভলী (৩৭) এবং তাঁর সহযোগী মো. ইলিয়াছ (১৯), জাকির হোসেন (৩২) ও মো. নিশানকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে ৮০টি ইয়াবা বড়ি ও ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।