মাদকসেবন: দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।

বহিষ্কৃতরা হলেন, বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মাইনুদ্দীন জনি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।

রেজিস্ট্রার বলেন, বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া এ ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে ছয় সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মাদকসেবনের অভিযোগে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আ ফ ম কামালউদ্দিন হলের ৩৩৫ নম্বর কক্ষ থেকে ওই দুজনকে ধরে হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রক্টর তপন কুমার সাহা বলেন, জিজ্ঞাসাবাদে তাঁরা মাদকসেবনের কথা স্বীকার করেছেন।