মাদকসেবী ছেলে ও স্বামীকে পুলিশে দিলেন দুই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকাসক্ত এক তরুণকে তাঁর মা ও বগুড়ার শেরপুরে এক নারী তাঁর স্বামীকে গতকাল রোববার পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে পৃথক ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুজনকেই ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
শাহজাদপুরের গঙ্গাপ্রসাদ গ্রামে বাসিন্দা বিধবা জমিলা খাতুন তাঁর ছেলে মোঘল মোল্লাকে (২৪) পুলিশে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জমিলা খাতুন বলেন, মোঘল বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকা জোগাতে তিনি প্রায়ই বাড়ির সবাইকে মারধর করে আসছিলেন। শাহজাদপুর থানার পরিদর্শক তদন্ত মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শেরপুরে গতকাল দুপুরে মাদকাসক্ত আবদুল বাছেদকে (৫৬) পুলিশে দিয়েছেন তাঁর স্ত্রী সালমা খাতুন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এ কে এম সরোয়ার জাহান তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানার এসআই রাজু কামাল বলেন, আবদুল বাছেদের বাড়ি উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামে। আবদুল বাসেত নেশার টাকার জন্য ঘরের জিনিসপত্র পর্যন্তও বিক্রি করে দিতেন।