মাদকসেবী ছেলেকে শ্বাসরোধে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মেঘনা উপজেলায় আতাউল্লাহকান্দি গ্রামে মাদকসেবী তরুণকে তাঁর মা শ্বাসরোধে হত্যা করেছেন। গত বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ওই দিনই মা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত তরুণের নাম ফয়সাল মিয়া (২৫)। তাঁর মায়ের নাম ফাতেমা বেগম। ফয়সালের বাবার নাম সজল মিয়া। তিনি মালয়েশিয়া থাকেন।
থানা-পুলিশ সূত্র জানায়, ফয়সাল মিয়া একসময় অটোরিকশা চালাতেন। পরে মাদকাসক্ত হয়ে পড়েন। তাঁর বিরুদ্ধে মেঘনা থানায় দুটি মাদকের মামলা রয়েছে। ইয়াবার বড়িসহ ধরা পড়ে তিনি চার মাস জেল খাটেন। প্রায় দুই মাস আগে তাঁর মা ফাতেমা বেগম ৬০ হাজার টাকা খরচ করে ছেলেকে জামিনে মুক্ত করেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার তিনি মাদক সেবন করতে থাকেন। একপর্যায়ে তিনি ছয় থেকে সাত লাখ টাকা ঋণ করে ফেলেন। ঋণ শোধ করার জন্য পাওনাদারেরা তাঁর মাকে চাপ দিতে থাকেন। এদিকে নেশার টাকার জন্য প্রতিদিন ফয়সাল নিজেও তাঁর মাকে চাপ দেন এবং মারধর করেন। এ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মঙ্গলবার দিবাগত ভোরে ঘুমন্ত থাকা অবস্থায় ফয়সালকে তাঁর মা গলাটিপে হত্যা করেন।
মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান বলেন, বুধবারই ফয়সাল মিয়ার দাদি আনোয়ারা বেগম বাদী হয়ে ফাতেমা বেগমকে আসামি করে মেঘনা থানায় হত্যা মামলা করেন। কুমিল্লার জ্যেষ্ঠ বিচারক-তৃতীয় আদালতের হাকিম কাজী আরাফাত উদ্দিনের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ফাতেমা বেগম ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।