মাদকসেবীদের ধরিয়ে দেওয়ায় খুঁটিতে বেঁধে নির্যাতন!
বরগুনার আমতলী উপজেলায় গত শনিবার মো. মামুন নামের এক যুবককে খুঁটিতে বেঁধে পিটিয়ে আহত করেছেন স্থানীয় কয়েকজন। মামুনের ভাষ্য, মাদকসেবনের অভিযোগে ওই ব্যক্তিদের পুলিশে ধরিয়ে দেওয়ার অভিযোগে তাঁর ওপর এ অমানুষিক নির্যাতন চালানো হয়।
মামুন (২২) আমতলীর চলাভাঙ্গা গ্রামের আইয়ুব খানের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেেল ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মামুন গতকাল শনিবার অভিযোগ করে বলেন, মাস খানেক আগে মাদক সেবনের অভিযোগে পাশের উত্তর টিয়াখালী গ্রামের নাসির খাঁ ও খোকন হাওলাদারকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। তবে ২৬ দিন পর তাঁরা মুক্তি পান। ওই ঘটনার জন্য তাঁরা তাঁকে (মামুনকে) দায়ী করেন। এর জের ধরেই তাঁর ওপর নির্যাতন চালানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সকালে মামুন মোটরসাইকেল চালিয়ে উত্তর টিয়াখালী গ্রামের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই গ্রামের নাসির খাঁ, খোকন হাওলাদার, রাজিব খাঁ ও বশির খাঁ মিলে মোটরসাইকেল থেকে মামুনকে নামিয়ে নেন।