মাদকসেবীদের হামলায় যুবক খুন
চট্টগ্রামের খুলশী থানার বিহারি কলোনি এলাকায় গায়েহলুদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে মাদকসেবীদের হামলায় মোহাম্মদ জসিম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল আসামি সাজিদকে গ্রেপ্তার করেছে।
খুলশী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বিহারি কলোনির ৪ নম্বর লেইনে গায়েহলুদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান দেখাকে কেন্দ্র করে জসিমের সঙ্গে সাজিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) ফররুখ আহমেদ প্রথম আলোকে বলেন, গায়েহলুদের অনুষ্ঠান দেখা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম সাজিদকে মারধর করেন। পরে সাজিদ ও তাঁর পাঁচ-ছয়জন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে জসিমের ওপর হামলা করেন। এতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনায় নিহত ও জড়িত ব্যক্তিরা সবাই বিহারি কলোনি এলাকার বাসিন্দা। জসিম একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি খুলশীর সেগুনবাগান এলাকার ফরিদ আহমেদের ছেলে। এদিকে অভিযুক্ত সাজিদ ও তাঁর সহযোগীরা মাদকসেবী বলে জানায় পুলিশ।