মাদকসেবীর হামলায় কাটা পড়ল আ.লীগ নেতার কান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে এক মাদকসেবীর হামলায় এক আওয়ামী লীগ নেতার একটি কান কেটে গেছে। পুলিশ আলামত হিসেবে কাটা কান জব্দ করেছে। আহত আওয়ামী লীগ নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নগরের উত্তর নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম রাসেল আলী (৩৩)। বাড়ি নগরের উত্তর নওদাপাড়া এলাকায়। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, রাসেল একজন মাদকসেবী। আহত আওয়ামী লীগ নেতার নাম আল-মামুন (৪৮)। তিনি রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। পেশায় তিনি একজন দলিল লেখক। রাজশাহী সদর দলিল লেখক সমিতির যুগ্ম সম্পাদক তিনি। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আল-মামুনের ছোট ভাই কোরবান আলী (৩৫) বলেন, গতকাল এলাকার মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সঙ্গে বাড়ি ফিরছিলেন আল-মামুন। এ সময় রাসেল আলী মাদক সেবন করে মুসল্লিদের অকথ্য ভাষায় গালাগাল করছিলেন। আল-মামুন এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল বাড়ি থেকে একটি ক্রিজ (দুই পাশ ধারালো) নিয়ে এসে তাঁর ওপর হামলা করেন। ক্রিজের আঘাতে মামুনের ডান কানটি কেটে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন রাসেলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, রাসেলকে থানায় আনা হয়েছে। তবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। রাসেল দাবি করেছেন, অস্ত্র নয়, দাঁত দিয়ে কামড়েই মামুনের কান কেটেছেন তিনি।