মাদকাসক্ত কিশোরের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের কথা বলে দেওয়ায় মো. মিরাজ নামের নয় বছরের এক শিশুকে হাত-পা বেঁধে পানিতে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে। সাখায়েত হোসেন (১৫) নামের এক মাদকাসক্ত কিশোর এ হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।
বাউফল থানার ওসি আজম খান ফারুকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং সাখায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্র জানায়, উপজেলার দাসপাড়া গ্রামের সোহরাব ফকিরের মাদকাসক্ত ছেলে মো. সাখায়েত প্রায়ই গাঁজা সেবন করত। কয়েক দিন আগে তার গাঁজা সেবনের দৃশ্য দেখে ফেলে একই গ্রামের মো. খোকন হাওলাদারের ছেলে মিরাজ হোসেন। পরে শিশুটি সাখায়েতের মামা মো. সাগরের কাছে বিষয়টি বলে দেয়। আর এ ঘটনায় সাখায়েতকে মারধর করেন তার মামা সাগর। এতে ক্ষুব্ধ হয়ে মিরাজকে মেরে ফেলার ফন্দি করে সাখায়েত। ঘটনার দিন গত শুক্রবার সন্ধ্যার দিকে পাশের হোসনাবাদ গ্রামের হোসনাবাদ বালিকা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে যাওয়ার কথা বলে মিরাজকে নিয়ে যায় সাখায়েত। কিছু সময় পর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে রাত আটটার দিকে মিরাজের হাত-পা বেঁধে হোসনাবাদ খালে ফেলে দেয়। ওই সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং সাখায়েতকে আটক করে।