মাদকাসক্ত ছেলে হত্যা করলেন বাবাকে!
আনোয়ারুল কবির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কিন্তু শিক্ষাজীবনে মাদকাসক্ত হয়ে পড়ার থেকে তা আর ছাড়তে পারেননি। মাদকের টাকার জন্য তিনি বাবা এমদাদুল হক ওরফে মানিক মিয়াকে (৬৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের মোরগমহল মহল্লায় গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার রাতে নেশা করার জন্য বাবার কাছে টাকা চান আনোয়ারুল। বাবা টাকা দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীদের বাড়িতে হামলা চালান আনোয়ারুল। পরে গতকাল ভোরে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হওয়ামাত্র বাবা এমদাদুলকে ঘরে আটকে ফেলেন আনোয়ারুল। দরজা বন্ধ করে বাবাকে হাতুড়িপেটা শুরু করেন আনোয়ারুল। পরিবারের অন্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে উদ্ধারের চেষ্টা করেন। না পেরে পুলিশকে জানানো হয়।
এমদাদুলকে উদ্ধার করতে গেলে আনোয়ারুলের হামলায় কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম, উপপরিদর্শক মইন উদ্দিন, আবুল কালাম আজাদ ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন আহত হন। পরে পুলিশ আনোয়ারুলকে আটক করে এবং আহত এমদাদুলকে উদ্ধার করে বাজিতপুর উপজেলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা দিলে এমদাদুল মারা যান।
আনোয়ারুলের মা হেনা কবির বলেন, কটিয়াদী ডিগ্রি কলেজে পড়ার সময় মাদকাসক্ত হয়ে পড়েন তাঁর ছেলে। পরে ময়মনসিংহ আনন্দ মোহন সরকারি কলেজে গণিত বিভাগে অনার্সে ভর্তি হন আনোয়ারুল। মাদকের কারণে সেখানে দ্বিতীয় বর্ষ শেষ করতে পারেননি। পরে কটিয়াদী ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করেন।
২০০৬ সালে সহকারী শিক্ষক হিসেবে চাকরি নেন। সারাক্ষণ নেশাগ্রস্ত থাকায় কর্মস্থল কটিয়াদী পৌর শহরের ভোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা তাঁর বিরুদ্ধে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেন। পরে আনোয়ারুলকে সেখান থেকে সরিয়ে বেতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। সেখানেও মাদক সেবনের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা তাঁর বিরুদ্ধে অভিযোগ দেন। ফলে তিন বছর ধরে কর্মস্থলে যাচ্ছিলেন না তিনি।
মামা মুছা মারুয়া বলেন, নেশার টাকার জন্য বাবাকে প্রায়ই চাপ দিতেন আনোয়ারুল। টাকা না দিলে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। মাদকের কারণে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। দ্বিতীয় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন। গতকাল মাদকের টাকা না দেওয়ায় বাবাকে হাতুড়িপেটায় হত্যা করেন আনোয়ারুল।