মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। আজ মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত তরুণ জাহিদ মোল্যা (২২) গোয়ালন্দ পৌরসভার ইবাদুল্লাহ মিস্ত্রিপাড়ার ছোরাপ মোল্যার ছেলে। ছোরাপ মোল্যা জানান, স্থানীয় কিছু তরুণের সঙ্গে মিশে তাঁর ছেলে জাহিদ হেরোইনের (ব্রাউন সুগার) প্রতি আসক্ত হয়ে পড়েন। অনেক বুঝিয়েও কোনো লাভ হচ্ছিল না। বরং দিন দিন তাঁর নেশার মাত্রা বেড়ে যায়। মাদকের টাকা জোগাড় করতে না পারলে তিনি পরিবারের সবাইকে মারধর শুরু করেন। তাঁর অত্যাচার সহ্য করতে না পেরে থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শরণাপন্ন হন ছোরাপ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আবদুল্লাহ সাদীদ জানান, পরিবারের অভিযোগের পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জাহিদকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। এরপর তিনি হেরোইনের প্রতি তাঁর আসক্তির কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলেই তাঁকে সরাসরি রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।