মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক বাবা গত সোমবার দুপুরে তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নিজসরাইল গ্রামের বাসিন্দা হামিদ মিয়ার (৫০) ছেলে পলাশ (২৫) কয়েক বছর ধরে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করে আসছিলেন। পলাশকে একাধিকবার মাদক নিরাময়কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসা করান তাঁর বাবা। কিন্তু সম্প্রতি নেশার টাকার জন্য পলাশ বেপরোয়া হয়ে ওঠেন। দুই সপ্তাহ আগে নেশার টাকার জন্য তাঁর মা-বাবার ওপর শারীরিক নির্যাতন চালান। গুরুতর আহত মা-বাবাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরে আসেন।
ছেলের অত্যাচার-নির্যাতন সইতে না পেরে এক সপ্তাহ আগে হামিদ মিয়া এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন। তিনি সোমবার দুপুরে পলাশকে কৌশলে পুলিশে ধরিয়ে দেন।
বিকেলে ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মাঈনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পলাশ মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
হামিদ মিয়া বলেন, ‘আমার জীবন শেষ, রাতের আঁধারে সে (পলাশ) আমাকে খুন করতে তেড়ে আসে। তার হাত থেকে বাঁচার জন্য আমি তাকে পুলিশে দিয়েছি। আর কোনো উপায় ছিল না।’