মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ সোমবার সকালে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পুলিশ ওই ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে ১১ মাসের কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, পাঁচ-ছয় বছর আগে সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মীর রফিক আলীর ছেলে মীর জাবেদ আলী মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিলেন। কয়েক মাস ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্য ও বিভিন্ন লোকজনের ওপর নানাভাবে অত্যাচার করে আসছিলেন জাবেদ। রোববার বিকেলে মাদকের টাকার জন্য জাবেদ উপজেলা সদরের বৈকাল বাজার এলাকায় কর্মজীবী এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনা জানার পর বাবা রফিক আলী ছেলেকে শাসাতে গেলে তিনিও লাঞ্ছিত হন। তখন বাবা রফিকসহ পরিবারের লোকজন জাবেদ আলীকে আটক করেন। আজ সোমবার সকালে বাবা রফিক ছেলেকে সরাইল থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
আজ দুপুরে জাবেদকে সরাইল থানার পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবার কার্যালয়ে হাজির করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাবেদকে কারাদণ্ড দেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ প্রথম আলোকে বলেন, আজ বিকেলে জাবেদকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।