মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিরুপায় এক বাবা তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। আদিতমারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুশফিকুর রহমান জানান, রবিউল ইসলাম নেশার টাকার জন্য তাঁর বাবাকে প্রায়ই লাঞ্ছিত করাসহ অশ্লীল ভাষায় গালাগাল দিতেন। একপর্যায়ে গতকাল বুধবার নজরুল ইসলাম আদিতমারী থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং ছেলের শাস্তি দাবি করেন। এরপর পুলিশ আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রবিউলকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে রবিউল নেশার টাকার জন্য বাবাকে মারধর করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, রবিউলকে বিকেলে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।