মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা-বাবা। মাদকের টাকার জন্য মোহাম্মদ পারভেজ (২০) বাবা-মাসহ পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পারভেজের বাবা-মা গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন।

পারভেজকে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। পারভেজের বাড়ি চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া গ্রামে।

পারভেজের মা আমেনা বেগম বলেন, পারভেজ  ইয়াবার টাকার জন্য তাঁদের নানাভাবে নির্যাতন করতেন।   ছেলেকে ভালো করতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদকাসক্ত পারভেজ তাঁর মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম বলেন, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর পারভেজকে কারাগারে পাঠানো হয়েছে।