মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
কুষ্টিয়ার কুমারখালীতে আসাদুজ্জামান নূর ওরফে আনন্দ (৪০) নামে মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে দিয়েছেন তাঁর মা।
আজ সোমবার বিকেলে আসাদুজ্জামানের মায়ের অভিযোগের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছেঁউড়িয়া এলাকার অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত আসাদুজ্জামানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তার মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, উপজেলার ছেঁউড়িয়া গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে আসাদুজ্জামান মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি তাঁর মায়ের ওপর শারীরিক নির্যাতন চালান। এই নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাঁর মা অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ছেঁউড়িয়া এলাকার অভিযান চালিয়ে আসাদুজ্জামানকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও আরও বলেন, এর আগেও আসাদুজ্জামানকে মাদক সেবনের দায়ে কারাগারে পাঠানো হয়েছিল। সম্প্রতি কারাগার থেকে বের হয়ে আবারও তিনি মাদক সেবন শুরু করেন।