মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বুধবার এক মা তাঁর মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইব্রাহিম মিয়া (২৫) নামের ওই ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।
পুলিশ ও ইব্রাহিমের পরিবার সূত্রে জানা যায়, শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া গ্রামের রহমত আলীর ছেলে ইব্রাহিম মিয়া নেশার টাকার জন্য নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ১০-১২ দিন আগে নেশার টাকার জন্য ইব্রাহিম তাঁর মা-বাবার ওপর শারীরিক নির্যাতন চালান ও ঘরের আসবাব ভাঙচুর করেন।
গতকাল সকালে প্রতিবেশীদের সহায়তায় মা ললিতা বেগম (৫৫) ইব্রাহিমকে পুলিশে সোপর্দ করেন।
দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. মাঈনুল আবেদীন তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইব্রাহিম মিয়াকে এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে উপস্থিত ললিতা বেগম সাংবাদিকদের বলেন, ‘মাদকসেবী এক ছেলের জন্য আমার পরিবারের অন্য সদস্যরা সমাজে মুখ দেখাতে পারে না। তার নানা অপরাধের মাশুল দিচ্ছেন তাঁরা। তার হাত থেকে বাঁচার জন্য আমি তাঁকে পুলিশে দিয়েছি।’