মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন মা। নেশার টাকার জন্য মাকে মারধরসহ ঘরের আসবাবপত্র বিক্রি করায় অতিষ্ঠ হয়ে দেলোয়ার হোসেন নামের ওই ছেলেকে পুলিশে দিয়েছেন মা। আজ বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর গ্রামে এই ঘটনা ঘটে।
দেলোয়ারের মা আসমা আক্তার বলেন, তাঁর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। তিন ছেলেকে অনেক কষ্টে বড় করেন তিনি। সম্প্রতি তাঁর মেজো ছেলে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য দেলোয়ার প্রায়ই তাঁর মাকে মারধর করতেন। সরকারের কাছ থেকে পাওয়া বিধবা ভাতার টাকা জোর করে নেওয়া ছাড়াও ঘরের আসবাবপত্র বিক্রি করে মাদক সেবন করতেন দেলোয়ার। এতে অতিষ্ঠ হয়ে আজ বিকেলে তিনি মাদকাসক্ত ছেলে দেলোয়ারকে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ আটক দেলোয়ারকে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লোকমান হোসেনের আদালতে হাজির করেন। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।