মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. রোবেল মিয়া (২৫) নামের মাদকাসক্ত এক ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন তাঁর মা।

আজ সোমবার সকালে মা আলেয়া বেগম (৪৫) রোবেলকে পুলিশে সোপর্দ করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত রোবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের নিজসরাইল গ্রামের আবদুর নূরের ছেলে রোবেল মিয়া দুই থেকে তিন বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য রোবেল নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কয়েক দিন আগে নেশার টাকার জন্য রোবেল তাঁর মাসহ পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালান। আজ সকালেও তিনি ঘরের আসবাব ভাঙচুর করেন। মাদকাসক্ত ছেলের এই অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে প্রতিবেশীদের সহায়তায় মা আলেয়া বেগম আজ সকালে রোবেলকে পুলিশে সোপর্দ করেন। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম সৈয়দা নাহিদা হাবিবা তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোবেলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

মা আলেয়া বেগম বলেন, ‘ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে। তার নেশার খেসারত অনেক দিছি। তার অপকর্মে আমরা অতিষ্ঠ হইয়া পড়ছি, আমরার জীবন শেষ কইরা ফালাইছে। তার হাত থেকে বাঁচার জন্য আমি তাকে পুলিশে দিয়েছি।’

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, রোবেলকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।