মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে ছোট সাহেব ওরফে জামিল (২৫) নামের মাদকাসক্ত এক ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন তাঁর মা।

আজ শনিবার সন্ধ্যায় সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লায় এই ঘটনা ঘটে। জামিল ওই এলাকার মো. বশির উদ্দিন ও জামিলা বেগমের ছেলে। ভ্রাম্যমাণ আদালত জামিলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

জামিলের মা জামিলা বেগম বলেন, ‘অনেক আদরের সন্তানকে পুলিশে দিলাম। মাদক ছেড়ে দেবে এই আশায় কিছুদিন আগে তাঁর বিয়ে দিয়েছি। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে সে। টাকা চুরি, আসবাবপত্র ভাঙচুরসহ নববধূকে নির্যাতনও সহ্য করতে হয়েছে। এ কারণে বাধ্য হয়ে তাঁকে পুলিশে দিয়েছি।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, জামিলের মা তাঁকে পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুল আলম রায়ে জামিলের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।