মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
কেরানীগঞ্জে মো. রিয়াদ (২০) নামের মাদকাসক্ত ছেলেকে গোয়েন্দা (ডিবি) পুলিশে দিলেন তাঁর মা তানজিলা বেগম (৪০)। পরে পুলিশ রিয়াদকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন। রিয়াদ দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকার বাসিন্দা।
রিয়াদের মা তানজিলা বেগমের বরাত দিয়ে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কে এম রিয়াজুল ইসলাম বলেন, রিয়াদ ইয়াবায় আসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে চাপ সৃষ্টি করেন। এমনকি টাকা না দিলে মাঝেমধ্যে তাঁর মাকেও মারধর করেন। ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মা তানজিলা বেগম রিয়াদকে পুলিশে সোপর্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল অঞ্জন কুমার সরকার বলেন, ওই যুবকের মায়ের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ তাঁকে ধরে নিয়ে আসে। পরে তিনি ইয়াবা সেবনের কথা স্বীকার করলে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।