মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা
মেহেরপুরের গাংনী উপজেলায় বিমল দাস (২৫) নামের মাদকাসক্ত এক ছেলেকে গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করেছেন তাঁর মা-বাবা।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাবা কার্তিক দাস ও মা আকাশি বালা দাসী বিমলকে পুলিশে সোপর্দ করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত গাঁজা বিক্রি ও সেবনের দায়ে বিমলের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
বিমল দাসের বাবা কার্তিক দাস ও মা আকাশি বালার সঙ্গে কথা বলে জানা যায়, একমাত্র ছেলে বিমলকে গাঁজা সেবন ও বিক্রি করা থেকে দূরে রাখার অনেক চেষ্টা করা হয়েছিল। এ জন্য অনেক নির্যাতনও সইতে হয়েছে। আজ সকালে তিনি গাঁজা বিক্রি করার চেষ্টা করলে পুলিশে ধরিয়ে দেওয়া হয়।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) এস এম বখতিয়ার খালিদ বলেন, সকালে ২৫০ গ্রাম গাঁজাসহ বিমলকে তাঁর অভিভাবকেরা পুলিশে সোপর্দ করেন। দুপুরে গাংনী উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম জামাল আহমেদ রায়ে বিমলের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০–এর ২২–এর (খ) অনুযায়ী বিমল দাসকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।