মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তাঁকে পুলিশের হাতে তুলে দিলেন মা-বাবা। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের সলঙ্গা থানার বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মা জয়নব খাতুন ও বাবা সদর আলী জানান, তাঁদের ছেলে জাহিদুল ইসলাম (২৪) দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিলেন। নিষেধ করা হলেও তিনি তা মানেননি। মাদকের টাকার জন্য বাড়িতে নানাভাবে অত্যাচারও চালাতেন। এ অবস্থায় তাঁর দ্বারা সমাজের আরও বড় ধরনের ক্ষতি হতে পারে—এ আশঙ্কায় জাহিদুলকে কৌশলে থানা সদরের পাশে ফাজিল মাদ্রাসা সড়কে ডেকে আনা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ আসার পর তাঁকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, জাহিদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ভ্রাম্যমাণ আদালতে দিলে আইনানুযায়ী তাঁর স্বল্প সময় কারাদণ্ড হতো। এতে তাঁর সংশোধন হবে না। তাই তাঁকে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে, যাতে দীর্ঘ সময় থাকার পর তিনি সংশোধনের সুযোগ পান।