মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ
বগুড়ার ধুনটে মাদকাসক্ত ছেলেকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছেন তাঁর বাবা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাদকাসক্ত ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
ধুনট থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে উজ্জাল হোসেন (২৪) মাদকাসক্ত হয়ে চুরি-ছিনতাইসহ নানা অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন। তাঁর অন্যায়-অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে পড়েন। এ কারণে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাদুর আলী পুলিশের সহযোগিতায় ছেলে উজ্জালকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এ সময় আদালতের বিচারক ইউএনও হাফিজুর রহমান উজ্জালকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উজ্জাল হোসেনকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলহাজতে পাঠানো হয়েছে।