মাদকাসক্ত ছেলেকে প্রশাসনে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত শনিবার মাদকাসক্ত ছেলেকে প্রশাসনে সোপর্দ করেন বাবা-মা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন। গতকাল রোববার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দণ্ড পাওয়া ফরহাদ মিয়া (১৯) উপজেলার কুটি ইউনিয়নের কুটি গ্রামের শিশু মিয়ার ছেলে। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফরহাদ মিয়া নিয়মিত ইয়াবা বড়ি ও ফেনসিডিল সেবন করতেন। টাকা না পেলে তিনি বাবা-মাকে প্রায়ই মারধর এবং বাড়ি-ঘর ভাঙচুর করতেন। এতে অতিষ্ঠ হয়ে শনিবার বিকেলে ফরহাদকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান তাঁর বাবা-মা। ইউএনও হাসিনা ইসলাম তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তাঁর মাদক নেওয়ার প্রমাণ পাওয়া যায়। তাঁকে পুনরায় ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরহাদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, গতকাল সকালে ফরহাদকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।