মাদকাসক্ত ছেলের অত্যাচারে মায়ের আত্মহনন!
সাপের কামড়ে মারা যান স্বামী। একমাত্র মেয়ের বয়স তখন পাঁচ। আরেক ছেলেসন্তান তখনো পেটে। কখনো ভাইদের সংসারে, কখনো পাটকলে কাজ করে ১৭ বছর সেই ছেলেকে আগলে রেখেছিলেন মা। তবে মাদকাসক্তি থেকে তাকে ফেরাতে না পেরে আত্মহত্যা করলেন তিনি।
এই মায়ের নাম অনিমা রানী শীল (৪২)। বাড়ি যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে। গত সোমবার দুপুরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন অনিমা।
অনিমার ভাই প্রদীপ শীল বলেন, ২৫ বছর আগে একই গ্রামের অজিত শীলের সঙ্গে বিয়ে হয় অনিমার। অজিত যখন সাপের কামড়ে মারা যান, তখন তাঁদের প্রথম সন্তান প্রিয়াঙ্কা শীলের (২৪) বয়স ছিল পাঁচ বছরের কাছাকাছি। অজিতের মৃত্যুর কয়েক মাস পর ছেলে জয় শীলের (১৭) জন্ম দেন অনিমা। পরে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি। ভাইদের সংসারে কাজ করে তাঁদের বড় করেন। মেয়ের বিয়েও দিয়েছেন। কিন্তু ছেলে জয় শীল মাদকাসক্ত হয়ে পড়ে। মাস তিনেক আগে অনিমা ফিরে যান স্বামীর ভিটায়। শ্রমিকের কাজ নেন আকিজ জুট মিলে। ছেলেকে মাদক থেকে দূরে রাখতে নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। এ নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার সকালেও ঝগড়া হয়। এক পর্যায়ে অনিমাকে ছেলে বেধম মারধর করে। দুপুরে নিজের ছোট টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি। বাড়ির লোকজন টের পেয়ে তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিমাকে মৃত ঘোষণা করেন।
অনিমার আরেক ভাই রবিন শীল বলেন, স্বামী মারা যাওয়ায় অনিমা খানিকটা হতাশাগ্রস্ত ছিলেন। পাশাপাশি জয় শীল মাদকাসক্ত ছিল। সব মিলিয়ে তিনি কিছুটা মানসিক সমস্যায় ছিলেন। এসব কারণে আত্মহত্যা করে থাকতে পারেন।