মাদকাসক্ত ছেলের কাণ্ড
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মায়ের চুল কেটে দিল মাদকাসক্ত ছেলে। সাতুরিয়া গ্রামে গত রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাদকাসক্ত কবির হোসেনের (২৮) বিরুদ্ধে তাঁর বাবা ফজলুল হক তালুকদার ওই দিন বিকেলে রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার সকালে মাদকাসক্ত কবির হোসেন তাঁর মায়ের কাছে এক হাজার টাকা চান। তাঁর মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাঁর মাকে মারধর ও ঘরের আসবাব ভাঙচুর করেন। একপর্যায়ে তিনি ঘরে থাকা কাঁচি দিয়ে তাঁর মায়ের মাথার চুল কেটে দেন। পরে মা সুফিয়া বেগমের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এগিয়ে এলে কবির পালিয়ে যান।
মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে নেশাগ্রস্ত হয়ে প্রায়ই ঘরে এসে আমাকে মারধর করে। ঘর থেকে টাকা নিয়ে সে নেশা করে। রোববারও সে নেশার টাকা চেয়ে না পেয়ে আমাকে মারধর করে আমার মাথার চুল কেটে দেয়।’
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া বলেন, মাদকাসক্ত কবিরের বিরুদ্ধে তাঁর বাবা ফজলুল হক তালুকদার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।