মাদকাসক্ত ছেলের হাতে প্রকৌশলী বাবা খুন!
গাইবান্ধা সদর উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রকৌশলী এক বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার বাদিয়াখালীর রিফায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ছেলেকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম মতিউর রহমান। তিনি বগুড়া এলজিইডির সাবেক সহকারী প্রকৌশলী।
গাইবান্ধার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের ভগ্নিপতি হচ্ছেন মতিউর। রফিকুল জানান, মতিউরের দুই ছেলের মধ্যে বড় ছেলে বিএসসি পাস করে ঢাকায় চাকরি করেন। ছোট ছেলে সাআদ মোস্তাকিন তাঁর বাড়িতে থেকে পড়াশোনা করে। সে স্থানীয় বাদিয়াখালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেিণর ছাত্র। এলাকার বখাটে ছেলেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পড়েছে সে।
রফিকুলের ভাষ্য অনুযায়ী, ছেলের পড়াশোনার খরচের টাকা দিতে গতকাল দুপুরে মতিউর তাঁর (চেয়ারম্যান রফিক) বাড়িতে আসেন। এ সময় তিনি ছেলেকে মাদক না নেওয়ার পরামর্শ দেন। এ নিয়ে বিকেলে বাড়ির উঠানে বাবা ও ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাআদ ক্ষিপ্ত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় মতিউরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।