চট্টগ্রামে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে নিজাম উদ্দিন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার নগরের হালিশহর ছোটপুল এলাকার ছায়ানীড় নামের ওই কেন্দ্র থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিজামের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে হালিশহর থানায় গতকাল সন্ধ্যায় নিরাময় কেন্দ্রের পরিচালকসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। তাঁর অভিযোগ, ওই নিরাময় কেন্দ্রে নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে।
পুলিশ বলছে, নির্যাতনের শিকার হয়ে নিজামের মৃত্যু হয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
এ দিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই কেন্দ্রের কর্মকর্তারা। পুলিশ কেন্দ্রটি তালাবদ্ধ করে দিয়েছে। পুলিশ নিরাময় কেন্দ্রের প্রহরীকে গ্রেপ্তার করেছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত বলেন, নিহতের পরিবার নির্যাতনে মৃত্যু হয়েছে দাবি করায় হত্যা মামলা নিয়েছে পুলিশ। মামলায় ছায়ানীড় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক দুলাল সরকার, কর্মকর্তা প্রণব, বিপ্লব, জসীম ও প্রহরী বাচনকে আসামি করা হয়েছে।
হালিশহর থানার ওসি শাহজাহান কবীর জানান, সাত থেকে আট দিন আগে নিজাম উদ্দিনকে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। গতকাল পরিবারের কাছে খবর দেওয়া হয় অসুস্থ হয়ে নিজামের মৃত্যু হয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন হালিশহর থানার এসআই জাবেদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, নিহতের মাথায়, চোখে, ঊরুতে ও পিঠে নতুন-পুরোনো আঘাতের চিহ্ন রয়েছে।