মাদকাসক্ত বাবাকে পুলিশে দিল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নুরনগর শবদলপাড়া গ্রামে মাদকাসক্ত বাবা মফিজ উদ্দিনকে (৪৫) পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন ছেলে রনি হোসেন (২২)। গত মঙ্গলবার রাতে মাদকসেবনরত অবস্থায় মফিজকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।
আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুনসুর রহমান প্রথম আলোকে বলেন, মঙ্গলবার মফিজ উদ্দিন তাঁর বাড়িতে মাদক সেবন করছিলেন। তাঁর ছেলে রনি এ খবর মুঠোফোনে পুলিশকে জানান। পুলিশ মফিজকে তাঁর বাড়ি থেকে মাদকসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ গতকাল বুধবার তাঁকে কারাদণ্ড দেন।
থানা-পুলিশ সূত্র জানায়, মফিজ পেশায় চাতাল শ্রমিক। তাঁর দুই সন্তান ও স্ত্রী রয়েছেন। মফিজ ১০-১২ বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি সংসারের খরচ দিতেন না। বছর খানেক ধরে মফিজ বাড়িতে পরিবারের সদস্যদের সামনেই মাদক সেবন শুরু করেন। এতে তাঁর পরিবারের লোকজন অতিষ্ঠ হয়ে ওঠেন। মফিজ উদ্দিনের পরিবারের সদস্যরা তাঁকে সাজা দিয়ে কারাগারে আটকে রাখার দাবি জানান।
গতকাল বেলা ১১টায় থানায় গিয়ে দেখা যায়, মফিজ উদ্দিনকে থানাহাজতে রাখা হয়েছে। স্ত্রী নাছিমা বেগম ও ছেলে রনি সকালের নাশতা নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে এসেছেন। হাজতের ফটকে গিয়ে মফিজের সঙ্গে তাঁরা দেখা করেন। এ সময় রনি তাঁর বাবাকে বলেন, ‘আব্বা তুমি ভালো হও, আমাদের শান্তি দাও।’
নাছিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামী মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে বাড়ির অনেক জিনিসপত্র বিক্রি করে ফেলেছেন। অনেক চেষ্টা করেও তাঁকে ভালো করা যায়নি। বাধ্য হয়ে তাঁরা এই কাজ করেছেন। রনি বলেন, ‘শুধু মাদকাসক্ত বাবার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। তাই বাধ্য হয়ে বাবাকে পুলিশে দিয়েছি।’
থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার বলেন, মফিজ উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।