মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের (১৮) হাতে ছোট ভাই (১৬) খুন হয়েছে। দুজনের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ বড় ভাইকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১২টার দিকে উল্লাপাড়া পৌর এলাকায়। দুই ভাই-ই মাদকাসক্ত বলে পুলিশ জানিয়েছে।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদকাসক্ত বড় ভাইয়ের টিভি ও মুঠোফোন ভেঙে ফেলা আর বড় ভাইয়ের পকেট থেকে মাদকাসক্ত ছোট ভাইয়ের টাকা চুরি ইত্যাদি বিষয় নিয়ে দুই দিন ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার সকালেও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। দুই ভাই-ই একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেয়। কিন্তু রাতে আবার দুজনই একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১২টার দিকে বড় ভাই রান্নাঘর থেকে বঁটি এনে ঘুমন্ত ছোট ভাইয়ের গলায় কোপ দিয়ে ঘর থেকে বেরিয়ে পার্শ্ববর্তী পাড়তেঁতুলিয়া গ্রামের মামার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে মামাকে ঘটনা জানান। পরে মামা ও বাবা মিলে পুলিশকে খবর দেন। উল্লাপাড়া থানা-পুলিশ রাতেই ছোট ভাইকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সকালে স্বজনেরা বড় ভাইকে আটক করে পুলিশে দেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, রোগী হাসপাতালে পৌঁছার আগেই মারা গিয়েছিল। তার গলায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।
থানার ওসি দেওয়ান কৌশিক আহম্মেদ বলেন, বড় ভাই খুনের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।