মাদকাসক্ত ভাইয়ের প্রাণ নিল কিশোর ছোট ভাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকের টাকার জন্য প্রায় সময় মা-বাবাকে মারধর করতেন বড় ভাই। বাধা দিলে ছোট ভাই ও বোনের ওপরও চলত নির্যাতন। এক দিন রাতে বড় ভাইকে ভিটের এক কোণায় ইয়াবা সেবন করতে দেখে জেদ চেপে যায় ছোট ভাইয়ের। পেছন থেকে গিয়ে প্রথমে পাথর দিয়ে মাথায় আঘাত করে। বড় ভাই মাটিতে লুটিয়ে পড়লে ছুরি দিয়ে বাম পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর ভিটে থেকে একাই লাশ টেনে নিয়ে গিয়ে আনুমানিক দেড় শ গজ দূরে ধানখেতে ফেলে আসে।

গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বড় ভাই আবু হেনাকে (২৫) হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ১৫ বছর বয়সী ছোট ভাই। জবানবন্দি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী।

পুলিশ জানায়, ২১ আগস্ট সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়ার একটি ধানখেত থেকে গাড়িচালকের সহকারী আবু হেনার লাশ উদ্ধার করে পুলিশ। আবু হেনার বাড়ি পাশের কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসারপাড়া গ্রামে। গ্রামটি খুটাখালী ইউনিয়নের সীমান্তে। এ ঘটনায় বাবা আবদুর রহমান বাদী হয়ে নিহতের শ্বশুর, স্ত্রী ও স্ত্রীর বড় ভাইয়ের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা করেন।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের কারণে খুন হতে পারে এই সন্দেহ থেকে নিহত ব্যক্তির মা, বাবা, ছোট ভাই ও বোনকে গত সোমবার রাতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ছোট ভাই খুন করার কথা স্বীকার করে। তার বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, একটি পাথর ও রক্তমাখা শার্ট-প্যান্ট উদ্ধার করা হয়। পরে মা-বাবা ও ছোট বোনকে ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে ওই কিশোরকে চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে বিচারিক হাকিম মো.তারেক আজিজ ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে কিশোর উল্লেখ করে, বড় ভাই আবু হেনা পাঁচ বছর আগে বিয়ে করেন। তিনি মাদকাসক্ত হয়ে স্ত্রীকে নির্যাতন করতেন, এ জন্য ছয় মাস আগে স্ত্রী বাপের বাড়ি চলে যান। এরপর নির্যাতন শুরু হয় পরিবারের অন্য সদস্যদের ওপর। সে পেশায় একজন আইসক্রিম বিক্রেতা। আইসক্রিম বিক্রি করে যা আয় করত সব মায়ের হাতে দিত। বড় ভাই মাকে মারধর করে সে টাকা নিয়ে মাদক কিনত। ১৯ আগস্ট সন্ধ্যায় বাড়ি এসে আবু হেনা মা-বাবার কাছে ৩০০ টাকা চান। কিন্তু মা-বাবা টাকা দেননি। রাতে সে (কিশোর) বাড়ি ফিরলে সে কথা জানতে পারে। ওই দিন রাত একটার দিকে ভিটের এক কোণায় বসে আবু হেনাকে ইয়াবা সেবন করতে দেখে খুন করে। লাশ উদ্ধারের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেও কান্নাকাটি করে।