মাদকাসক্ত সন্তানকে হত্যা করলেন মা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ কেদারপুর গ্রামে গত রোববার ভোরে মাদকাসক্ত এক সন্তানকে তাঁর মা কুপিয়ে হত্যা করেছেন বলে জানা গেছে। নিহতের নাম জাকির মাদবর (২৫)। তাঁর মা সালেহা বেগমকে আটক করেছে পুলিশ।
নড়িয়া থানা ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ কেদারপুর গ্রামের মৃত সিরাজ মাদবর ও সালেহা বেগম দম্পতির সচ্ছল পরিবারে চার ছেলের একজন জাকির। জাকির অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাঁকে সুস্থ করার জন্য কয়েক দফায় মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে চিকিৎসা করেন। কিন্তু কোনো লাভ হয়নি।
সালেহা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদক সেবন করে রোববার ভোর চারটার দিকে ঘরে ফিরে ঘুমিয়ে পড়েন জাকির। সাড়ে পাঁচটার দিকে সালেহা বেগম কক্ষের জানালা-দরজা বন্ধ করে ঘুমন্ত জাকিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এরপর দা দিয়ে কুপিয়ে হত্যা করে কক্ষটি তালাবদ্ধ করে রাখেন। সংবাদ পেয়ে নড়িয়া থানার পুলিশ ওই দিন রাত সাড়ে নয়টার দিকে জাকিরের মরদেহ উদ্ধার করে। পুলিশ এ সময় সালেহা বেগমকে আটক করে।
নড়িয়া থানায় আটক সালেহা বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন তাকে ১ হাজার টাকা দিতে হতো। মোটরসাইকেল কেনার জন্য কয়েক দিন আগে ২ লাখ ৫০ হাজার টাকা দাবি করে সে। দিতে অস্বীকৃতি জানালে তার ছোট ভাইকে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে সুস্থ সন্তানকে বাঁচাতে অসুস্থ সন্তানকে মেরেছি।’