মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত স্বামী বঁটি দিয়ে কুপিয়ে গৃহবধূ রুবি বেগমকে (২৫) হত্যা করেছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার গোয়ালপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্বামী ফুল মিয়াকে (৩৬) আটক করা হয়েছে।
এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে মাইক্রোবাসের চালক রহিম বাদশা (৩২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বগুড়ার গাবতলী মডেল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোসলের আগে স্ত্রী রুবি বেগমকে লুঙ্গি দিতে বলেন ফুল মিয়া। এতে দেরি হওয়ায় ক্ষিপ্ত ফুল মিয়া বঁটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই প্রতিবেশীরা ফুল মিয়াকে আটক করে পুলিশে দেন।
থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, ফুল মিয়া মাদকাসক্ত বলে প্রতিবেশীরা জানিয়েছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে পাঁচবিবি থানা-পুলিশ সূত্র জানিয়েছে, গত রোববার দিবাগত রাতের কোনো একসময় মাইক্রোবাসের চালক রহিম বাদশাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে উপজেলার পাঁচবিবি-বারোকান্দি রাস্তার দুই সীমান্ত নামক স্থানে মাইক্রোবাসটির ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বাদশা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি গ্রামের শাদা মণ্ডলের ছেলে।