মাদকাসক্তা ব্যক্তিরা চুরি করতে গিয়ে সুকু সরেনকে (৪৮) হত্যা করেছে। সুকু সরেনের হত্যার বিষয়ে স্থানীয় লোকজনের সঙ্গে গতকাল শুক্রবার কথা বললে তাঁরা এমনটিই জানান। সুকু দিনাজপুর শহরের কসবা এলাকার আউলিয়াপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। এদিকে জিজ্ঞাসাবাদে আটক মতিউর রহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গত বৃহস্পতিবার রাতে সুকু সরেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে রাতেই তাঁর দাফন সম্পন্ন হয় বলে জানান সুকুর বড় ভাই মাতিয়াস সরেন।
বিদ্যালয়টি ‘দিনাজপুর নর্দান এভিনজিকেল লুথারেন চার্চ’ নামের এক মিশনের অধীন। বিদ্যালয়টি মিশনের সীমানার ভেতরে অবস্থিত। এ ছাড়া ওই মিশনের সীমানার ভেতরে চার্চ ও পাঁচটি পরিবারের বাসা রয়েছে।
বিদ্যালয়ের সীমানায় গত বুধবার রাতে চোর ঢুকলে সুকু তাদের দেখে ফেলেন। এ সময় চোরদের সঙ্গে সুকুর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে এক চোর তাঁর পেটে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সুকুকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই দিন দিবাগত রাত সোয়া একটার দিকে তিনি মারা যান।
ওই এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে সুকুর খুনের বিষয় নিয়ে গতকাল সকালে কথা হয়। এ সময় তাঁরা বলেন, এলাকাটি অনেক আগে থেকে মাদকসেবীদের আখড়া। মাদকের অর্থ জোগাতে নিম্ন আয়ের পরিবারের নেশাগ্রস্ত তরুণ-যুবকেরা এর আগেও মিশনের ভেতরে গিয়ে চুরি করেন। এ হত্যাকাণ্ডের প্রধান কারণ মাদক বলে তাঁরা মনে করেন।
এদিকে মিশনের সীমানার ভেতরে বসবাসরত পাঁচটি পরিবারের সদস্যদের সঙ্গেও গতকাল কথা হয়। এ সময় তাঁরা বলেন, ঘটনার পর থেকে মিশন ছাড়াও সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী খ্রিষ্টান সম্প্রদায়ের মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে। তাদের বড়দিনের ছুটির আনন্দ মাটি হয়ে গেছে।
পুরোহিত সুফল হেমরম বলেন, ‘এ খুনের ঘটনা সবাইকে হতবাক করেছে। কারও সঙ্গে মন খুলে কথা বলতে পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর করার কিছুই নেই। তবে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এ জন্য আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মতিউর রহমান নামের একজনকে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তবে মতিউরকে জিজ্ঞাসাবাদে এ হত্যা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।