মাদকের আখড়া
বিমানবন্দর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পেছনের গণশৌচাগারের সামনে পাঁচজনের জটলা। হাতে সিগারেটসদৃশ জ্বলন্ত শলাকা। জটলার কাছে যেতেই একজনের প্রশ্ন, ‘ভাইয়ের কি কিছু লাগবে?’ চুপ করে থাকলে আরেকজন বলে উঠলেন, ‘দুইটা টান দেন, গাঁজাটা ভালো।’
বিমানবন্দর স্টেশনের অবস্থা দেখতে গতকাল শনিবার সরেজমিনে গেলে এই প্রতিবেদকের সঙ্গেই এ ঘটনা ঘটে। স্টেশন ঘুরে দেখা যায়, যত্রতত্র ভবঘুরেদের আনাগোনা এবং স্টেশনের প্ল্যাটফর্মের পেছনের দিকে মাদকসেবীদের অবাধ বিচরণ।
স্টেশনের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই এক পাশে আন্তনগর টিকিট কাউন্টার, অপর পাশে টিসি কার্যালয় এবং কনফেকশনারি। গতকাল বেলা আড়াইটার দিকে টিকিট কাউন্টারের সামনের ফাঁকা জায়গায় চারজন ভবঘুরেকে শুয়ে থাকতে দেখা যায়। অথচ এর সামনেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ট্রেনের টিকিট পরীক্ষা করছিলেন টিকিট চেকার, তাঁদের সঙ্গে ছিল রেলপুলিশের দুই সদস্য।
ভিআইপি, প্রথম শ্রেণি এবং শোভন চেয়ার শ্রেণির বিশ্রামাগারের সামনে চারজন ভবঘুরে বসেছিলেন। আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট কেনার কাউন্টারের সামনে চুলে বিশাল জটলা নিয়ে উদ্ভ্রান্ত এক ভবঘুরে শুয়ে ছিলেন।
২ নম্বর প্ল্যাটফর্মের পেছনে স্টেশনের একটি পার্কিং এলাকা। সেখানে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান, বাঁশের বেড়া দিয়ে তৈরি শাহজালাল বিমানবন্দর ট্যাক্সি ড্রাইভার্স ইউনিয়নের কার্যালয় এবং একাধিক ঝুপড়ি ঘর। শেষ মাথায় গণশৌচাগার।
তিন ঘণ্টা স্টেশনে থেকে দেখা যায়, পার্কিংয়ের এই এলাকা পুরোটাই ভবঘুরে-মাদকাসক্ত ব্যক্তিদের দখলে। সাধারণ যাত্রীরা খুব প্রয়োজন না থাকলে ২ নম্বর প্ল্যাটফর্মের পেছনের গণশৌচাগারের দিকে যাচ্ছেন না।
রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের জন্য পরিবারের চার সদস্য নিয়ে অপেক্ষা করছিলেন ব্যবসায়ী ইব্রাহিম মোল্লা। এই ভবঘুরে এসে তাঁর ছোট ছেলের গায়ে হাত দিয়ে সাহায্য চাইছিলেন। অতিষ্ঠ হয়ে ইব্রাহিম মোল্লা বললেন, ‘স্টেশনমাস্টারের কার্যালয়ের সামনেই এমন লোকজন ঘুরছে। পুলিশদের যেন বসে বসে গল্প করা ছাড়া কোনো কাজ নেই। এভাবে চললে কয়েক দিন পরে স্টেশনে যাত্রীদের চাইতে মাদকাসক্তের সংখ্যা বেশি হয়ে যাবে।’