মাদকের আসর থেকে সরাসরি কারাগারে
আটজন মিলে রাতে বসিয়েছেন মাদক সেবনের আসর। হঠাৎই ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দণ্ডিত হয়ে সরাসরি চলে যেতে হলো কারাগারে। দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে প্রত্যেককে।
ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আড়াইবাড়ি গ্রামে। আদালতের নেতৃত্ব দেন প্রথম শ্রেণির নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ওই গ্রামের গোলাম হাক্কানীর ছেলে রিমন মিয়া (৩৫) ও ফরিদ আহাম্মদের ছেলে নাজমুল (৩০), বিশারাবাড়ি গ্রামের ছেলু মিয়ার ছেলে বশির মিয়া (৩২) ও শাহজাহান মিয়ার ছেলে মোমেন মিয়া (৩২), কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের শামসু মিয়ার ছেলে মহিউদ্দিন (৩৫) ও আবুল খায়েরের ছেলে ইমন মিয়া (২৮), খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সোহরাব হোসেন (২৯) এবং গোপীনাথপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে সজিব আহাম্মদ (২৯)। আজ শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে তাঁদের।
ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আড়াইবাড়ি গ্রামের ইমন মিয়ার বাড়িতে প্রতিদিনই মাদক ও জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে এ আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বাড়িটিতে নারীসহ মাদক ও জুয়া আসর বসত। এ খবরের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলামের ভাষ্য, আটক ব্যক্তিরা আদালতের কাছে মাদক সেবনের দায় স্বীকার করায় তাঁদের প্রত্যেককে মাদক নিয়ন্ত্রণ আইনে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।