মাদকের আসরে হামলা, একজনকে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকের আসরে হামলা চালিয়ে গত মঙ্গলবার রাতে লয়া মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লয়া মিয়া উপজেলার আড়িয়াবাজারের সাইকেলমিস্ত্রি দুলু মিয়ার ছেলে।
উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের খিয়ার পাড়ায় বাঁশঝাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আ ন ম আবদুল্লাহ আল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, লয়া মিয়া একটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলার আসামি ছিলেন।
থানা-পুলিশ সূত্র ও এলাকার কয়েকজন জানান, গত মঙ্গলবার রাতে লয়া মিয়া তাঁর সহযোগীদের নিয়ে মাদক সেবনের জন্য ওই বাঁশঝাড়ে যান। রাত সাড়ে ১১টার দিকে সেখানে মুখোশ-পরা দুর্বৃত্তরা লয়া মিয়ার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। সহযোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ বাঁশঝাড়ের ভেতর থেকে লয়ার লাশ উদ্ধার করে।
দিকে গত এক মাসে উপজেলায় ছয়টি খুনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ১০ জুলাই সকালে পারতেখুর গ্রামে ছুরিকাঘাতে খুন হন আরাফাত নামের এক ব্যক্তি। ১৮ জুলাই সুজাবাদ দহপাড়া এলাকায় করতোয়া নদীপাড়সংলগ্ন ইটভাটা থেকে উদ্ধার হয় একজনের লাশ। ২৪ জুলাই রাতে কুপিয়ে হত্যা করা হয় শহর যুবলীগের নেতা গোলাম হাফিজকে।
এ ছাড়া ২৮ জুলাই সকালে সুজাবাদ দহপাড়ায় পারভীন বেগম নামে এক গৃহবধূ এবং ২ আগস্ট করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।